• Call: +8801712657540
  • Email: sinhasmp@yahoo.com
কর কাঠামোর পরিবর্তনে বড় ধাক্কা বিএটির মুনাফায়
কর কাঠামোর পরিবর্তনে বড় ধাক্কা বিএটির মুনাফায়

এক বছরে সিগারেট কোম্পানি বিএটি বাংলাদেশের নিট মুনাফা ৬৭ শতাংশ কমেছে, টাকার অংকে যার পরিমাণ প্রায় ১১৬৭ কোটি টাকা। ২০২৫ সালে তাদের কর-পরবর্তী নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৫৮৪ কোটি টাকা। এটি জনস্বাস্থ্য সুরক্ষায় কর বৃদ্ধির প্রভাব অর্থনীতিতে কীভাবে প্রতিফলিত হতে পারে, সদ্য প্রকাশিত বিএটিবি’র আর্থিক প্রতিবেদনে তার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

গত দুই বছরে দুই দফায় সিগারেটের নিম্ন স্তরে সম্পূরক শুল্ক ৯ শতাংশ বাড়ানো হয়, ফলে মোট করভার ৮৩ শতাংশে পৌঁছায়। একইভাবে প্রিমিয়াম, হাই ও মিডিয়াম স্তরেও ধাপে ধাপে করহার বৃদ্ধি করা হয়। ২০২৪–২৫ অর্থবছর থেকে সব স্তরের সিগারেটের উপর সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ যুক্ত হয়ে মোট করভার দাঁড়ায় প্রায় ৮৩ শতাংশে।

 

বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল চার স্তরের সিগারেটের করহার সমান করা। এই কর কাঠামোর পরিবর্তন এবং বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি সিগারেট খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এর ফলে ২০২৫ সালে ব্যবসায়িক কার্যক্রম কিছুটা সম্প্রসারিত হলেও বিএটির নিট মুনাফা ৬৭ শতাংশ কমে দাঁড়ায় ৫৮৪ কোটি টাকা, যেখানে ২০২৪ সালে তা ছিল ১৭৫১ কোটি টাকা। ২০২৩ সালে কোম্পানিটির নিট মুনাফা ছিল ১৭৮৮ কোটি টাকা এবং ২০২২ সালে ছিল ১৭৮৭ কোটি টাকা।